দেশে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি দ্রুত বাড়লেও বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, বিদ্যমান দুর্বলতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল লেনদেন দ্রুত সম্প্রসারিত হলেও অনেক বাণিজ্যিক ব্যাংক এখনো সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারেনি। ফলে সম্ভাব্য সাইবার হামলা ও তথ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে সার্বক্ষণিক সতর্ক থাকতে হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়বে। সরকারি প্রতিষ্ঠানের তথ্য-নিরাপত্তা অবকাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করতে হবে।
এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার আড়ালে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা তথ্য ও হয়রানিমূলক কনটেন্টের প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার মোকাবিলায় শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার।

