নিজস্ব সংবাদদাতা
জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি এটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে মনে করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও দলটি ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। জনগণের পক্ষে থাকার কারণেই দেশের মানুষ বিভিন্ন সময়ে বিএনপিকে সমর্থন ও সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে দলটিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।’
তিনি বলেন, দেশের অর্থনীতি যখন সংকটে পড়েছে, তখন জনগণের কল্যাণে তা পুনরুদ্ধার ও উন্নত করার দায়িত্ব বিএনপি পালন করেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত না হলে রাজনৈতিক দল, সরকার কিংবা বিরোধী দলের কোনো কর্মকাণ্ডেরই অর্থ থাকে না।
দেশের গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক উন্নয়ন, জনগণের প্রয়োজন মেটানো এবং তাদের কষ্ট লাঘবের কাজ সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের কল্যাণে তাদেরও দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা সন্ত্রাস ও অপরাধে জড়িত হবে, তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি সন্ত্রাস, অপরাধ ও দুষ্কৃতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলনের মাঠে থাকার আহ্বান জানান। সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

