নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসব ঘিরে দুই দফা প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর এবং হামলা করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ও শনিবার (৬ জুন) বিকালে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির নেতারা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে আগের দিন থেকে মাঠে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ চলছিল। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে মঞ্চ ভেঙে ফেলে এবং বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে। পরে শনিবার বিকালে পুনরায় মঞ্চ নির্মাণের সময় আবারও ভাঙচুর চালানো হয় এবং চেয়ার-টেবিল ও প্যান্ডেল খুলে ফেলা হয়।
এনসিপির নেতারা অভিযোগ করেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের নেতাকর্মীদের মারধর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন বলে দাবি করা হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।]
ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দুই দফা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা হয়েছে এবং এতে তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, এ ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয় এবং এটি রাজনৈতিকভাবে অপপ্রচার।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

