নিজস্ব সংবাদদাতা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে র্যাব বিলুপ্ত করে নতুন ইউনিট গঠনের বিষয়টি কার্যকর হয়েছে।
গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। এসব প্রয়োজন বিবেচনায় নিয়ে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন করা হয়েছে।
নতুন আইনে র্যাবের জনবল, ক্ষমতা ও কর্তৃত্বের পাশাপাশি তহবিল, সম্পদ, দায়-দেনা, চুক্তি ও নথিপত্র এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
আইনে আরও বলা হয়েছে, র্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনগত ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে। নতুন আইন কার্যকর হওয়ার কারণে আগের সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না।

