নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী বিএনপি এবং দেশের গণমানুষের জন্য গভীর শোক ও স্মৃতিবেদনার দিন। তিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান ইতিহাসে যে ভূমিকা রেখেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেই তিনি শাহাদাতবরণ করেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ভিত্তি হচ্ছে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ। বিএনপি সেই আদর্শে বিশ্বাসী হয়ে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি পরিচালনা করছে।
গণতন্ত্র বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশটি গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় করা হবে।
তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অসামান্য ত্যাগ ও সংগ্রাম করেছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মাজার জিয়ারতের মাধ্যমে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে নতুনভাবে অনুপ্রাণিত হন।

