নিজস্ব সংবাদদাতা
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন। প্রত্যেককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত আরও সাতজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
শিক্ষকদের অবদান ও পেশাগত মর্যাদার স্বীকৃতি দিতে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা, তাঁদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাও দিবসটির অন্যতম উদ্দেশ্য।
প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

