গ্রাম ও শহরের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প চূড়ান্ত করেছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর একটি বড় ও সমন্বিত প্রকল্প প্রণয়ন করেছে। পাশাপাশি নতুন জাতীয় বাজেটেও প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন শুধু বড় বড় ভবন নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করা যায়।
তিনি জানান, জন্মগত বা বিভিন্ন কারণে প্রতিবন্ধিতার শিকার শিশুরা যাতে অবহেলার শিকার না হয় এবং শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনে অংশ নিতে পারে, সেজন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ডা. মুহিত বলেন, নতুন প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সরাসরি সরকারি স্বাস্থ্যসেবা পায়।
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ও প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো বিশেষ শিশুদের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমানের উদ্বোধন করা ‘শিশু স্বর্গ’ কর্মসূচি সারা বছর চালু থাকবে এবং দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত সেখানে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের জেনারেল সেক্রেটারি আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

