নিজস্ব প্রতিবেদক
২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধকালীন তাঁর লেখা একটি ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিটিবি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নিবন্ধটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা।
তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে নিবন্ধটি অন্তর্ভুক্ত হবে। তাঁর ভাষ্য, মুক্তিযুদ্ধে যাঁর যতটুকু অবদান, তা নিরপেক্ষভাবে পাঠ্যবইয়ে তুলে ধরার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিটিবি সূত্র জানায়, গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসিসির সভায় নিবন্ধটি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৭ সালের বাংলা সাহিত্য বইয়ে এটি নতুন একটি গদ্য হিসেবে যুক্ত হবে।
‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের শুরুর দিকের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেছেন জিয়াউর রহমান। এসব বর্ণনার পাশাপাশি তাঁর লেখা ‘একটি জাতির জন্ম’ নিবন্ধেরও উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এনসিটিবির কারিকুলাম সংশ্লিষ্টরা জানান, নিবন্ধটির লেখক পরিচিতি ও সংযুক্ত ব্যাখ্যায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ব্যক্তিত্বের ভূমিকা তুলে ধরা হয়েছে। এসব বিষয় কীভাবে পাঠ্যবইয়ে উপস্থাপন করা হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যানের ভাষ্য, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই পাঠ্যবইয়ে নিবন্ধটি যুক্ত করা হচ্ছে।

