নিজস্ব সংবাদদাতা
রাষ্ট্র ও জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পুলিশ বাহিনী তাদের কার্যক্রম আরও বাড়াচ্ছে। তবে প্রয়োজন হলে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত আইনি সীমার মধ্যেই নেওয়া হবে বলে জানান তিনি।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আগের ছয় মাসের সঙ্গে বর্তমান ছয় মাসের তুলনা করলে কিছু অপরাধ কমেছে, আবার কিছু অপরাধ বেড়েছেও। বিষয়টি তিনি স্বীকার করেন।
তবে তুলনামূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়েছে বলে মনে করেন না জাহেদ উর রহমান। একই সঙ্গে কোথাও দায়িত্বে অবহেলা বা গাফিলতির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বা নেতিবাচক ধারণা থাকলেও বাংলাদেশ নৈরাজ্যের পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

