রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। মাদকসহ বিভিন্ন ইস্যুতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নেতিবাচক পরিবেশও আইনশৃঙ্খলার জন্য একটি উদ্বেগের বিষয়। ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করাও জরুরি।’
তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের মানুষকে ব্যাপক সমস্যা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্যাম্পগুলো যত বেশি জনবহুল হবে, সংকট ততই ঘনীভূত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। তবে এই সহায়তা অবশ্যই সাময়িক ব্যবস্থা; এটি প্রত্যাবাসনের বিকল্প হতে পারে না।
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে দ্রুত প্রত্যাবাসনে বিশ্বের প্রভাবশালী দেশ ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা ও সমর্থন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এ সহায়তা ও সমর্থন প্রত্যাশা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি যেন অন্য কোনো ইস্যুর আলোচনায় চাপা না পড়ে, বাংলাদেশ সেটিই প্রত্যাশা করবে।

