নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত ও শৃঙ্খলাবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রফিকুল ইসলাম বিডিআর প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রফিকুল ইসলাম বিডিআর। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বর্তমান প্রধানমন্ত্রীর (তারেক রহমান) অল্প বয়স, এখন তার বুদ্ধি পাকা হয়নি আমি বলবো। কাজেই ওনার উপদেষ্টাকে ভালো রাখতে হবে। যদি এই দেশকে পরিচালনা করতে হয়, তাহলে চোখ বন্ধ করে কাজ করতে হবে।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

