নিজস্ব প্রতিবেদক
দুই দিনের ছুটি শেষে নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা। কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে। তবে নতুন করে শ্রমিক অসন্তোষ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দেন। এদিন ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকায় পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিজিবির নয় প্লাটুন।
একটি কারখানার নিরাপত্তাকর্মী জানান, দুপুর পর্যন্ত কারখানায় কাজ স্বাভাবিক ছিল। তবে এর আগে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর আন্দোলনে অংশ নিয়েছিলেন। মেট্রো নিটিংয়ের এক কর্মী জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আন্দোলনে অংশ না নেওয়ার অনুরোধ করেছে। তবে শ্রমিকেরা ভবিষ্যতে আন্দোলনে যাবেন কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকেরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা আর আন্দোলন করবেন না এবং সরকারের ওপর তাঁদের আস্থা রয়েছে। তবে কিছু কারখানা ও সড়কে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো কারখানা বন্ধ হয়নি বলেও জানান তিনি।
এর আগে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর সদস্য কারখানাগুলোকে ৭ নভেম্বর ছুটি ঘোষণার অনুরোধ জানিয়ে চিঠি দেয় বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ২ থেকে ৪ নভেম্বর ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেন। ৩ ও ৪ নভেম্বর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।
এ ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। একটি মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্য মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আন্দোলনে রাজনৈতিক উসকানির অভিযোগ আনা হয়েছে। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ মামলার এজাহারে পুলিশের বক্তব্য হিসেবে এসেছে।

