নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ফতুল্লার কুতুবাইল শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন। সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে কুতুবাইল শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হন। পরে মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন তাঁরা।
দুপুর ১২টার দিকে শ্রমিকেরা লিংক রোডের সাইনবোর্ড এলাকা পর্যন্ত অবরোধ করেন। পরে সড়কের বিভিন্ন স্থানে পৃথক দলে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শ্রমিকেরা জানান, তাঁদের দাবি মেনে নেওয়া না হলে তাঁরা সড়ক ছাড়বেন না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

