নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। সফরে কুমিল্লা ও চাঁদপুরে পথসভা, খাল পুনঃখনন উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নিয়ে সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করার কথা রয়েছে তাঁর।

