সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা শেষে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় গত ১ আগস্ট মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
চিকিৎসা শেষে দেশে ফেরার পর মির্জা আব্বাস ওই দায়িত্বও পালন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

