নিজস্ব সংবাদদাতা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফর নিয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল ৩টায় মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় তুলে ধরেন।
সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

