নিজস্ব প্রতিবেদক
জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করতে পারে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।
চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে যাওয়ার কথা রয়েছে । জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার শীর্ষ বৈঠকের পর প্রকাশিত হতে যাওয়া যৌথ বিবৃতিতে প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি উল্লেখ থাকতে পারে।
নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের আওতায় গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণের বিষয়টিও থাকতে পারে।
এ উদ্যোগের সঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে যাওয়া বিভিন্ন কোম্পানির সম্পৃক্ততার সম্ভাবনাও রয়েছে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ মিলে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে।
প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে জাপানি পুঁজি আকর্ষণ, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বহুমুখীকরণ এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।
অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে।

