হজযাত্রীদের সুষ্ঠু ও প্রস্তুতিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হজ প্রশিক্ষণ ২০২৬’ কর্মশালা। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিতে যাওয়া হাজীদের জন্য এই প্রশিক্ষণ চালু করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, হজ একটি গভীর তাৎপর্যপূর্ণ ইবাদত, যার প্রতিটি ধাপ নির্দিষ্ট নিয়মে সম্পন্ন করা জরুরি। যথাযথ প্রশিক্ষণ হাজীদের প্রস্তুতিকে আরও সুসংহত করবে এবং হজ পালনে শৃঙ্খলা ও সচেতনতা বাড়াবে।
প্রশিক্ষণ কর্মশালায় হজের আনুষ্ঠানিকতা, করণীয়-বর্জনীয়, স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং হজ পালনে সহায়ক হবে।

