নিজস্ব সংবাদদাতা
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছিনতাই, মাদক, যানজট, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পাশাপাশি নগরী ও শিল্পাঞ্চল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান জানানো হয়েছে। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় বক্তারা বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যানজট নিরসন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, অবৈধ দখল ও হকার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়া গার্মেন্টস খাতে কোনো ধরনের অরাজকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার আব্দুর রশিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম, মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

