নারায়ণগঞ্জের ফতুল্লার একটি সাপ্তাহিক পশুর হাটে ছাগলের গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাওয়ানোর ঘটনায় প্রাণীটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, শনিবার রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার পীচ কামতাল থেকে পশু ব্যবসায়ী সাহাবুদ্দিন (৫৬) এবং তার কর্মচারী হাসনাত (২০)কে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক হাটে বিক্রি করতেন। ক্রেতাদের কাছে পশুকে বেশি মোটা ও ভারী দেখানোর উদ্দেশ্যে ছাগলের গলায় প্লাস্টিকের নল প্রবেশ করিয়ে অতিরিক্ত পানি খাওয়ানো হতো, যাতে পশুর পেট ফুলে যায় এবং ওজন বেশি মনে হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এ পদ্ধতি ব্যবহার করা হলেও আগে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এবার অতিরিক্ত পানি খাওয়ানোর কারণে একটি ছাগলের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে ছাগলের গলায় নল ঢুকিয়ে পানি খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।
তিনি বলেন, অভিযুক্তদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

