নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার (৩ জুন) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।

