নিজস্ব প্রতিবেদক
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান। শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার বিকালে ১০ থেকে ১১ জনের একটি দল বিছানাকান্দি এলাকায় ঘুরতে যান। সেখানে স্বচ্ছ পানির জলাশয়ে তারা সাঁতার কাটতে নামেন। এ সময় আকস্মিক বৃষ্টির কারণে উজান থেকে ঢল নেমে পানির স্রোত হঠাৎ বেড়ে যায়।
প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৌকা নিয়ে তারা উদ্ধার তৎপরতা শুরু করেন।
ঘটনার খবর পেয়ে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর রাত ১০টার দিকে শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়।
শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
বিছানাকান্দিতে বর্ষা মৌসুমে হঠাৎ স্রোত বৃদ্ধি পাওয়ার ঘটনা নতুন নয়। স্থানীয়রা বলছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতা ও নজরদারি প্রয়োজন।

