রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, সরকার আর সরাসরি এমডি নিয়োগ দেবে না; বরং প্রার্থী মনোনয়ন দেবে এবং বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগ দেবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে।
সরকার জানিয়েছে, ব্যাংক খাতের শীর্ষ পদে নিয়োগে স্বচ্ছতা, পেশাদারত্ব এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির এমডি বা সিইও নিয়োগে সরকার কেবল প্রার্থী মনোনয়ন দেবে।
এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করবে।

