বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামী জাতীয় নির্বাচনেও চালু থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত-এর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন বা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে।
তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই ভোটিং ব্যবস্থার আওতায় আনতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।
সরকার ও নির্বাচন কমিশনের এই উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

