নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলার বাদী বৃদ্ধ বাবা ওমর খৈয়ামকে (৭০) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মামলা প্রত্যাহার না করায় ‘কিলার জাহিদ’ ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় বাধা পেয়ে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার মাসদাইর কাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওমর খৈয়ামকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ইমনের বাবা ওমর খৈয়াম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় জাহিদসহ তার সহযোগী ফেরদৌস, ভুট্টা মাসুদ, গিট্টু রিপন, রনি, আদর, আপন, জসীম, সেলিম, পারভেজসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।
ইমনের পরিবারের অভিযোগ, মামলা করার পর থেকেই আসামিপক্ষ বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়ে আসছিল। মামলা প্রত্যাহার না করায় মঙ্গলবার সন্ধ্যায় জাহিদ ও তার সহযোগীরা বোরকা ও মুখে মাস্ক পরে ওমর খৈয়ামের বাড়িতে আসে।
পরিবারের ভাষ্য, এ সময় জাহিদ বৃদ্ধ ওমর খৈয়ামকে উদ্দেশ্য করে বলেন, কথা না শোনার কারণেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, জাহিদ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তারা জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, জাহিদকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

