বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯ আগস্ট) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষে ওই ওয়ার্ক পারমিট নবায়নও করতে হয়। ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্ত অন্তর্ভুক্ত থাকে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, একই বিধান অন্যান্য অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে যেসব বিদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট হালনাগাদ রয়েছে, তাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়ায় বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

