নারায়ণগঞ্জে সিএনজিচালক মো. জামাল হত্যা মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০১১ সালের ১৩ জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়ার আমলাপাড়ার ১৯১ প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেট থেকে বস্তাবন্দি অবস্থায় সিএনজিচালক জামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ১৩ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।
রায়ে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড এবং মো. আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি রঞ্জুকে ২০ হাজার টাকা এবং আকাশ আহমেদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৩ নম্বর আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মো. খোকন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

