নিজস্ব সংবাদদাতা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদবির আগে এসব সম্মানসূচক শব্দ ব্যবহার না করতে বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ এবং সরকারি নথিপত্রে তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।
সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা পরিপত্রে সরকারি দাপ্তরিক কাজে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

