নিজস্ব সংবাদদাতা
শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। এর মধ্যে শনিবার দিবাগত রাতে ৭৫ মিনিটের মধ্যে পরপর তিনটি এবং রবিবার ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।
রবিবার (৪ অক্টোবর) ভোর পর্যন্ত এসব ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
এর ঠিক এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প রেকর্ড করা হয়। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ও ডালাই অঞ্চলের কাছাকাছি ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে রবিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার চতুর্থ ভূমিকম্পটি রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পরপর কয়েক দফা ভূমিকম্পে গভীর রাতে দেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

