স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে হারানো যেন অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে তিনবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ইকবাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই হারে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানের।
প্রথম চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে জিতলে ফাইনালে খেলার আশা টিকে থাকত পাকিস্তানের। তবে ৩২ রানের হারে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে স্বাগতিকদের।
পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। দলটির দুটি হারই শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৪। ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে লড়াই চালিয়ে যান রাভাইল ফারহান। ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করেন তিনি। তবে ১৩তম ওভারের চতুর্থ বলে রাভাইল রানআউট হলে পাকিস্তানের জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে পারে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রাভাইল। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফিজা ফায়াজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলাম ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব একটি করে উইকেট নেন।

