নিজস্ব প্রতিবেদক
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জেলা বিএনপির গ্রাম ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনের জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে।
দেশে জ্বালানি ও গ্যাসের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিকল্প উপায়ে এ সংকট মোকাবিলার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে গ্যাসের নতুন কূপ খনন বা অনুসন্ধান করা হয়নি। গ্যাসের সংকট সমাধান হলে সরকার এর মূল্য নির্ধারণ করবে।
পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সংহতি জানিয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। তবে এ আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতা ও অপতৎপরতার সুযোগ তৈরির দায় জামায়াতের আমির এড়াতে পারেন না।
তিনি বলেন, ১১ দলের লং মার্চে জামায়াতের আমির দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়ার কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পরই পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তছনছ শুরু করেছে বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে গার্মেন্টসশিল্পে আগুন দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা হামিদুল ইসলাম ও তবিবুর রহমান মুফতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

