নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ক্লাবের জ্যেষ্ঠ সদস্য আনিসুল ইসলাম সানি। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন না। সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি নির্বাচনে অংশ নেবেন।
ক্লাবের আগামী ১৯ ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে নিজের প্রার্থিতার কথা জানান সানি। তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, আমার বাপকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড়ব না।’ এর আগে অনুষ্ঠিত ক্লাবের পরপর দুটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে এবার সেই দায়িত্বে না থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
সানি বলেন, ক্লাবের কয়েকজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আয়োজন করতে চান বলে তিনি শুনেছেন। তবে এ ধরনের উদ্যোগ মেনে নেওয়া হবে না। তাঁর ভাষ্য, এটি কোনো স্বৈরাচারী শাসনামল নয় যে সদস্যদের ভোটাধিকার উপেক্ষা করা হবে। ক্লাবের সদস্যদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে।
নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সানি। তিনি বলেন, সদস্যদের ভোটাধিকার রক্ষায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ঘোষণার পর ক্লাবের আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাহবুবুর রশিদ জুয়েল ও মারুফ আহমেদ বাবুর নামও আলোচনায় রয়েছে।

