নিজস্ব প্রতিবেদক
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন বলে সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে তারেক রহমান কোনো বক্তব্য দেননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও তাঁকে অবহিত করেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে আইন, বিধি ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান। সোমবার তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
তবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।
অন্যদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো যেতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হওয়ার কথাও বলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনটি দেশ ছাড়ার পর তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম পরিচিত সরাসরি যোগাযোগ। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন।

