স্পোর্টস ডেস্ক
দেশে তায়কোয়ানডোর প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়ন ও দক্ষ কোচ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন। এ কর্মসূচিতে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ জন কোচ অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস শাকুর চৌধুরী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ও ফেডারেশনের সদস্য শায়রুল কবির খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বিভিন্ন ক্লাবের প্রায় ২০০ জন কোচ অংশ নিচ্ছেন।
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তায়কোয়ানডোর প্রশিক্ষণ কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং কোচদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে কোচদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশের তায়কোয়ানডো অঙ্গনে প্রশিক্ষণের গুণগত মান বাড়বে বলে আশা করছে ফেডারেশন।
আগামী শনিবার (১৪ নভেম্বর) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।

