স্পোর্টস ডেস্ক
ব্যাট হাতে আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রান, বল হাতে তাফিউল আলম তামিমের ৭ উইকেট। দুই তরুণের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
ওমানের আল আমেরাতে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। তাফিউল আলম তামিমের দুর্দান্ত বোলিংয়ে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায় দলটি।
মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপে একাই ধস নামান তামিম। ৭.৫ ওভার বল করে ১৮ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট। যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
এর আগে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সঞ্জিত সাহার। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। এবার তাঁর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তামিম।
এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন আহসান আল মুমিন। দলীয় ৭৯ রানে ৪ উইকেট হারানোর পর চারে নেমে ইনিংসের হাল ধরেন তিনি। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন মুমিন।
বাংলাদেশের ৩০৩ রানের সংগ্রহে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখেন রবিউল ইসলাম অনিক। তিনি করেন ৪৫ রান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে রয়েছে আফগানিস্তান। দুই দলই নিশ্চিত করেছে সেমিফাইনাল।

