স্পোর্টস ডেস্ক
খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন জোরদার করে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় আয়োজনটি আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাকারিয়া তাহের আরও বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। এতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পাবে।
১৯টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণদের মাদকমুক্ত রেখে সুন্দর ভবিষ্যৎ গড়তে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগির বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও গ্রহণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খেলাধুলাকে নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ না রেখে বছরজুড়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় একটি সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

