নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে তৈরি পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় শুক্রবার থেকে এ চাল বিক্রি করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে কম দামে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলার ১০টি স্থানে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক জনপ্রতি ১০ কেজি করে চাল কিনতে পারবেন। এতে প্রতি সপ্তাহে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সকালে ফতুল্লায় ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি লাইনে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ জেলার ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে চাল রাখা হয়েছে। একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি করা হবে। কারখানার পরিচয়পত্র বা আইডি কার্ড দেখিয়ে শ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। এভাবে প্রতি সপ্তাহে নতুন শ্রমিকদের কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কার্যক্রম আগামী তিন মাস চলবে। প্রথম দিনেই শ্রমিকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ১০টি খোলা ট্রাকের মাধ্যমে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে।
শুক্রবার সকালে ফতুল্লার তল্লা ও কায়েমপুর এলাকায় শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা যায়।
শ্রমিকেরা জানান, নিত্যপণ্যের দাম বাড়ায় কম দামে চাল কিনতে পেরে তাঁদের কিছুটা সাশ্রয় হচ্ছে। তবে চালের পাশাপাশি ডাল, তেল ও আটার মতো অন্যান্য নিত্যপণ্যও দেওয়া হলে তাঁরা আরও বেশি উপকৃত হতেন।

