নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা করছেন আয়োজকেরা।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার বিষয় হিসেবে রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন। এ ছাড়া বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসন নিয়েও লেখা আহ্বান করা হয়েছে।
পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা, জীবনের অন্তিম সময় এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা নিয়েও স্মৃতিচারণ ও বিশ্লেষণধর্মী লেখা জমা দেওয়া যাবে।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হওয়ার শর্ত দেওয়া হয়েছে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইল করে লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তুলে ধরার চেষ্টা করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।

