নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবনে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ এবং বঙ্গভবন পরিদর্শনে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজ কর্মস্থলে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বঙ্গভবন পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ দলে ছিলেন। তাঁদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও ছিলেন।
সুদূর রাঙ্গামাটি থেকে বঙ্গভবন পরিদর্শনে আসায় শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। নতুন প্রজন্মকে এসব বিষয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই বঙ্গভবন পরিদর্শনের কর্মসূচি চালু করা হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে এবং ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
এ সময় বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়েও জানতে চান রাষ্ট্রপতি। বঙ্গভবনে সংরক্ষিত বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও ঐতিহাসিক স্মারক সম্পর্কে ধারণা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি।
এ সময় রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

