নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই; তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, প্রত্যাবর্তন হচ্ছে কারও বিদেশ থেকে নিজ দেশে ফিরে আসা। অন্যদিকে, প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মামলা চলছে এবং কয়েকটি মামলায় সাজা হয়েছে বলে দাবি করেন রিজভী। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। চলমান বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পাশাপাশি আদালতের দেওয়া দণ্ডও তাঁকে ভোগ করতে হবে।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি বাধা অতিক্রম করে তাঁরা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতেও তাঁরা রাজপথে আন্দোলন করেছেন। তাঁদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
তিনি বলেন, নারীদের শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের ভিত্তিতে স্বীকৃতি দিতে হবে।
দেশে বাল্যবিবাহের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে নারীদের ভূমিকা বাড়ানোর বিষয়ে কাজ করতে হবে।

