নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগাম পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী রমজানে পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
মুক্তাদির বলেন, চলতি বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে বলে সরকার আশা করছে। এখন পর্যন্ত বাজারে যে মূল্য পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। এমনকি গত বছরের তুলনায় পরিস্থিতি আরও ভালো হতে পারে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না এলে এ অবস্থা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানান মন্ত্রী।
বাজার মনিটরিং, আগাম পণ্যের মূল্য নির্ধারণ এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দেশের বাজারব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বাজারে বিভিন্ন ধরনের অসামঞ্জস্য থাকায় সব জায়গায় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে থাকে না। বিশেষ করে উৎপাদন এলাকা ও খুচরা বাজারের মধ্যে ভৌগোলিক দূরত্ব এবং ভারসাম্যহীনতা এর অন্যতম কারণ।
মন্ত্রী বলেন, দেশের সরবরাহব্যবস্থায়ও দুর্বলতা রয়েছে। গত ৫৫ বছরে সারা বছর কৃষিপণ্যের পর্যাপ্ত সরবরাহ ও তুলনামূলক স্থিতিশীল মূল্য নিশ্চিত করার মতো সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।
মৌসুমি সবজি উৎপাদনের সময় বাজারে সহজলভ্য থাকলেও বছরের অন্য সময়ে এসব পণ্যের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায় বলে উল্লেখ করেন তিনি। সারা বছর মৌসুমি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হলে সরবরাহব্যবস্থা নতুন করে সাজাতে হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার ইতোমধ্যে চিন্তাভাবনা শুরু করেছে। সারা বছর ফলমূল, শাকসবজিসহ কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।
কৃষিমন্ত্রীকে দক্ষ ও পরিশ্রমী সহকর্মী হিসেবে উল্লেখ করে মুক্তাদির বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে একটি বিস্তৃত সরবরাহব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হবে।
আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের কয়েকটি দেশ বাজারের এ ধরনের অসামঞ্জস্য দূর করতে সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে। বাংলাদেশও একই ধরনের উদ্যোগ নেবে। সরবরাহব্যবস্থার উন্নয়ন ও দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

