নিজস্ব প্রতিবেদক
রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ও প্রতারণা ঠেকাতে রপ্তানিকারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে বিদেশি ক্রেতাদের সঙ্গে ইলেকট্রনিক যোগাযোগ, রপ্তানি-সংক্রান্ত নথি আদান-প্রদান এবং অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ বিষয়ে একটি সার্কুলারপত্র জারি করে। এতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে রপ্তানিকারকদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমতির আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি-সংক্রান্ত নথি পাঠানোর সময় নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। ই-মেইল বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে নথি আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনা পরিবর্তনের অনুরোধ এলে তা যাচাই না করে কার্যকর করা যাবে না। এ ধরনের অনুরোধের সত্যতা আগে থেকে নির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি নিশ্চিত হতে হবে।
সন্দেহজনক লিংক, অপরিচিত অ্যাপ এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো বার্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো অননুমোদিত পরিবর্তন, নথি জালিয়াতি বা অর্থ লেনদেনসংক্রান্ত প্রতারণার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।
বাংলাদেশ ব্যাংক এডি ব্যাংকগুলোকে এসব সতর্কতামূলক নির্দেশনা রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছে।

