নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়ি বরিশাল সদর এলাকায়। তিনি সোনারগাঁ উপজেলার ভারগাঁও বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে ভারগাঁও নন্দীপুর এলাকায় মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা চালানোর অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আটকের পর উত্তেজিত জনতা সোহেলকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

