নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে যাতায়াতসহ একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এ ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে। সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাঁদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও প্রতারণার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, অতীতে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। তাঁর অভিযোগ, ওই সময়ে সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এসব সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ, স্থগিত অথবা সীমিত করে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ১৫ নভেম্বর সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

