নিজস্ব প্রতিবেদক
কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ নিজস্ব তহবিল থেকে দিতে হবে কৃষক বা ক্রেতাকে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমেও ঋণের সুযোগ বাড়ানো হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এতে আগের নীতিমালার কয়েকটি ধারা সংশোধন, প্রতিস্থাপন ও নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কৃষি ও পল্লী ঋণ পাওয়ার যোগ্য হবেন। এ ছাড়া পল্লী অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও সংশ্লিষ্ট খাতে ঋণ সুবিধা পাবেন। ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, বর্গাচাষি এবং অন্যান্য কৃষককে একক বা দলগতভাবে ঋণ দেওয়ার সুযোগ থাকবে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।
কৃষি ঋণ বিতরণে শস্য-ফসল, সেচ ও কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য-ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে। অবশিষ্ট ১০ শতাংশ ঋণ কৃষি উৎপাদন, পল্লী অঞ্চলের উৎপাদন ও সেবা, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে দেওয়া যাবে।
প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিরা যাতে সহজে, সময়মতো ও হয়রানিমুক্তভাবে ঋণ পান, তা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে ঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন।
নতুন নির্দেশনায় কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে অর্থায়নের আওতায় আনা হয়েছে। কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ঋণ পাবেন। এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী, সংরক্ষণকারী, পরিবহনকারী ও বিপণনকারী উদ্যোক্তা এবং পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ সুবিধার আওতায় থাকবেন।
আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদেও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে বলা হয়েছে। বিশেষ করে নির্ভুলতাভিত্তিক কৃষি বা প্রিসিশন ফার্মিংয়ের ক্ষেত্রে উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, ভৌগোলিক তথ্যব্যবস্থা, বৈশ্বিক অবস্থান নির্ণয় ব্যবস্থা, ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারে অর্থায়ন করা যাবে। এসব প্রযুক্তির মাধ্যমে জমির অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগ করে উৎপাদন বাড়ানো এবং খরচ কমানোর সুযোগ তৈরি হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতেও অর্থায়নের নির্দেশনা রয়েছে। এ জন্য বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সৌরশক্তিচালিত সেচ পাম্প, নবায়নযোগ্য জ্বালানি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও জৈব সার ব্যবহারে ঋণ দেওয়া যাবে। আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষিকাজ এবং কৃষি বনায়নেও অর্থায়ন করা যাবে।
কৃষির যান্ত্রিকীকরণে সেচ ও কৃষি যন্ত্রপাতি কেনার ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ, ট্রেডল পাম্প, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার, বীজ বপনযন্ত্র, বেডপ্লান্টার, আগাছা পরিষ্কারের যন্ত্র, বীজতলা তৈরির ট্রে ও স্বয়ংক্রিয় চারা উৎপাদন যন্ত্র কেনার জন্য ঋণ দেওয়া যাবে। সার অপচয় কমাতে দানাদার বা গুটি ইউরিয়া তৈরির যন্ত্র প্রস্তুতকারীদেরও ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, কৃষি যন্ত্রপাতির মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। নির্বাচিত যন্ত্রপাতির মধ্যে কম্বাইন্ড হারভেস্টারের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা, ট্রাক্টরের ২৫ থেকে ৩০ লাখ টাকা, রাইস ট্রান্সপ্লান্টারের ৭ থেকে ২০ লাখ টাকা, রিপার ও রিপার বাইন্ডারের ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং পাওয়ার টিলারের ২ থেকে ৩ লাখ টাকা ধরা হয়েছে। পাওয়ার থ্রেসার, সিডার ও বেডপ্লান্টারের আনুমানিক মূল্য ২ থেকে ৫ লাখ টাকা। তবে ঋণ দেওয়ার সময় যন্ত্রপাতির প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে।
এ ঋণ পেতে আবেদনকারীকে নীতিমালায় উল্লেখিত যোগ্য ঋণগ্রহীতা, কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক অথবা কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবা প্রদানকারী হতে হবে। ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না। ছোট যন্ত্রপাতি, যেমন পাওয়ার টিলার ও পাম্পের ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে বিবেচনা করতে পারবে ব্যাংক। বড় যন্ত্রপাতি, যেমন কম্বাইন্ড হারভেস্টার ও বড় ট্রাক্টরের ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি, জমি বা স্থাবর সম্পত্তি অতিরিক্ত জামানত হিসেবে নেওয়া যেতে পারে।
যন্ত্রের কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনায় ব্যাংক ঋণের মেয়াদ ও পরিশোধসূচি নির্ধারণ করবে। সাধারণত এসব যন্ত্রের জীবনকাল তিন থেকে পাঁচ বছর। যন্ত্রপাতি থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ায় ফসল রোপণ ও সংগ্রহের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বার্ষিক বা মেয়াদ শেষে কিস্তি পরিশোধের ব্যবস্থা করা যাবে। ঋণ পরিশোধে প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়া যেতে পারে।
ঋণের আবেদনের সঙ্গে যন্ত্রপাতির প্রাক্কলিত মূল্য বা দরপত্র জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাকে কৃষক বা গ্রাহকের জমি ও আয়ের উৎস সরেজমিনে পরিদর্শন করতে হবে। যাচাই-বাছাইয়ে যোগ্য বিবেচিত হলেই ঋণ অনুমোদন করা যাবে। এ ছাড়া যন্ত্রপাতির জন্য কৃষি বীমার বিষয়টিও বিবেচনা করতে পারবে ব্যাংক।
কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনের জন্য দেওয়া ঋণ কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। বিদ্যুৎ সংযোগবিহীন ও অনগ্রসর এলাকায় ব্যক্তিপর্যায়ে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সোলার হোম সিস্টেম গড়তেও ঋণ দেওয়া যাবে।
অন্যদিকে গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনের জন্য দেওয়া ঋণও কৃষি ও পল্লী ঋণ হিসেবে বিবেচিত হবে। এ খাতের ঋণের নিয়ম ও পরিশোধসূচি নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়া যাবে।
কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে মাসিক ভিত্তিতে নির্ভুল তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এ ছাড়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

