নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। কারণ, সমাজের অনেক সমস্যার সমাধান শুধু আইন প্রয়োগ করে সম্ভব নয়, সামাজিক উদ্যোগের মাধ্যমেও এসব সমস্যার সমাধান করা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতের মানুষ একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অতীতের ভীতিকর সামাজিক পরিস্থিতি ও মানুষের অধিকারহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে, তা কাজে লাগিয়ে সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আয় ও ভোগ্যপণ্যের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ, বাজারসহ বিভিন্ন স্থানে আবর্জনা জমছে। এসব বর্জ্য পরিবেশের পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের উদ্দেশে তিনি পুরো জেলাকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ জন্য সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থায় মানুষের পরিত্যক্ত বর্জ্য নির্দিষ্ট স্থানে সংগ্রহের পরামর্শ দেন। ঘরে ঘরে গিয়ে মানুষকে বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করার কথাও বলেন তিনি।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রতিবছর তাঁদের জন্মদিন উপলক্ষে কয়েকটি করে গাছ লাগানো সম্ভব। এভাবে ব্যক্তিগত উদ্যোগ থেকেই একটি এলাকায় গাছের সংখ্যা বাড়ানো যায়।
গাছকে ভবিষ্যতের সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো শিশুর বয়স এক থেকে তিন বছর হলে তার নামে ২০টি মূল্যবান গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাড়ির আশপাশে বড় গাছ থাকলে ঘরবাড়ি তুলনামূলক শীতল থাকে এবং প্রাকৃতিক বাতাস পাওয়া যায়। ঝড়, তুফান ও ঘূর্ণিঝড়ের সময়ও গাছপালা ঘরবাড়ি রক্ষায় সহায়ক হতে পারে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বিচারে গাছপালা কেটে ফেলা এবং পাখি শিকার করার কারণে প্রকৃতিতে এসব প্রাণীর উপস্থিতি কমছে। ছোটবেলায় গ্রামাঞ্চলে যেভাবে পাখি ও প্রজাপতি দেখা যেত, এখন আর সেভাবে দেখা যায় না।
তারেক রহমান বলেন, পরিবেশের পরিবর্তন অব্যাহত থাকলে একসময় মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই নিজ নিজ এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ ও পৃথিবীকে সুরক্ষিত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তাঁর ভাষায়, পরিবেশ রক্ষার মাধ্যমেই মানুষকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

