নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ তাঁর প্রথম জন্মদিন। রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।
শুক্রবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। এবারের জন্মদিন তাঁর জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর তিনি এখন দেশের সরকারপ্রধান।
তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত একটি পরিবারের সন্তান। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পারিবারিক রাজনৈতিক পরিবেশের মধ্যেই তাঁর বেড়ে ওঠা। তবে রাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ শুরু হয় আশির দশকের শেষ দিকে।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন তিনি। পরে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনে দলের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারামুক্তির পর ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন। এ সময় বিদেশে থেকেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েক দিন পর ৩০ ডিসেম্বর তাঁর মা খালেদা জিয়া মারা যান। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১১টি আসনে জয়ী হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পর এবার তাঁর সামনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব।
সরকারের সামনে এখন অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিনিয়োগ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও সরকারের প্রতি মানুষের প্রত্যাশা রয়েছে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিচালনার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং বিরোধী মতের প্রতি সম্মান দেখানোও তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। দীর্ঘ রাজনৈতিক সংঘাত ও বিভাজনের পর দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করাও তাঁর সরকারের অন্যতম দায়িত্ব।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পেরিয়ে নতুন দায়িত্বে আসা তারেক রহমানের সামনে এখন প্রত্যাশা পূরণের কঠিন সময়। তাঁর জন্মদিনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির পথে।
শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান।

