নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাহিদ নিয়াজী। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত মোবারককে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। মামলার নথি অনুযায়ী, নিহত সালেহা বেগম আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার হাসেন আলীর মেয়ে। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে তিনি সউদী আরব থেকে দেশে ফেরেন।
২০১৯ সালের ৯ অক্টোবর নিজ বাসায় সালেহা বেগমকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা হাসেন আলী বাদী হয়ে জামাতা মোবারক হোসেনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

