নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সাঁজোয়া যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বীপের ‘বারো আউলিয়া’ খাল এলাকা থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ তিনি সামরিক যান চালিয়ে অতিক্রম করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (এটিভি) মডেলের বিশেষ হালকা সাঁজোয়া যানটি চালান বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। পথ অতিক্রম করার সময় সড়কের দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত প্রশিক্ষণ ও সক্ষমতা প্রদর্শন এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাজ্জার চর নামেও পরিচিত। ২০১৩ সালে সেনাবাহিনী দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে দ্বীপটিকে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষি, মৎস্য, পশুপালন, বনায়ন ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম চলছে।

