স্পোর্টস ডেস্ক
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জিম্বাবুয়ের ২২২ রানের লক্ষ্য তাড়া করার ইনিংসে নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে ২ রানে ফিরিয়ে ২০০তম উইকেট পূর্ণ করেন রশিদ। নিজের ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়েন ২৮ বছর বয়সী এই স্পিনার।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় রশিদের পরেই রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর উইকেটসংখ্যা ১৭১। তালিকার পরের অবস্থানে হংকংয়ের এহসান খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি, দুজনেরই উইকেট ১৬৫টি। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, তাঁর শিকার ১৬৪ উইকেট।
রশিদের এই ব্যক্তিগত অর্জনের দিন আফগানিস্তানও পেয়েছে দারুণ এক জয়। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। পরে আজমতউল্লাহ ওমরজাই ও ইজাজ আহমেদ আহমদজাইয়ের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান।
ওমরজাই ৫০ বলে ১১৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও ১২টি ছক্কা। অন্যদিকে ইজাজ ২৭ বলে করেন ৫২ রান। ষষ্ঠ উইকেটে দুজন মিলে মাত্র ৫৯ বলে ১৪২ রান যোগ করেন। শেষ দিকে রশিদ খান মাত্র ছয় বলে অপরাজিত ২৫ রান করলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও কুন্দাই মাতিগিমু দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সিকান্দার রাজার সেঞ্চুরির পরও জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে। রাজা ১০৬ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে থামে দলটি। ফলে ১৯ রানে জয় পায় আফগানিস্তান।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তাদের টানা অষ্টম টি-টোয়েন্টি সিরিজ জয়।

